ইরান: প্রাচীন সভ্যতা ও আধুনিকতার মেলবন্ধনে এক অনন্য ভূস্বর্গ
ইরানে ইতিহাস আর ঐতিহ্য মিলেমিশে একাকার। ইরান মধ্যপ্রাচ্যের একটি দেশ হলেও এর প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপনা এবং সাংস্কৃতিক বৈচিত্র্য বিশ্বব্যাপী পর্যটকদের আকর্ষণ করে। সৌন্দর্যে্যর দিক দিয়ে প্রকৃতি এখানে অকৃপণ। মধ্যপ্রাচ্যের এই ঐতিহ্যবাহী দেশটি শুধু ইসলামিক সংস্কৃতি নয়, তেমনই মানুষগুলোও বন্ধুপরায়ণ। ইরান যেন প্রাচীন সভ্যতা ও আধুনিকতার মেলবন্ধনে এক অনন্য ভূস্বর্গ। সব মিলিয়ে ইরান আজও বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় ভ্রমণ গন্তব্যগুলোর মধ্যে একটি।
২০২৫ সালের সর্বশেষ তথ্য অনুযায়ী, ইরান পর্যটন খাতে অভূতপূর্ব উন্নতি করেছে, গত বছর ৯.২ মিলিয়ন বিদেশি পর্যটক গ্রহণ করে। পাহাড়, মরুভূমি, রঙিন মসজিদ আর প্রাচীন সভ্যতার চিহ্ন নিয়ে এক অপরূপ ভূস্বর্গ ইরান। ১৯৭৯ সালের ইসলামি বিপ্লব পরবর্তী সময় থেকে ইরান নানা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও ভূরাজনৈতিক টানাপোড়েনে পড়ে থাকলেও, দেশটি কখনও থেমে থাকেনি। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধ পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিরতা কিছুটা প্রভাব ফেললেও ২০২৫ সালে যুদ্ধবিরতি এবং পর্যটনের নিরাপত্তা জোরদার হওয়ার খবরে নতুন করে আশাবাদী হয়ে উঠছে বিশ্ববাসী।
চলুন, এক নজরে দেখি সেই চিরসবুজ, চিরঐতিহাসিক ইরান, যেখানে প্রতিটি শহর একেকটি গল্প, প্রতিটি নিদর্শন একেকটি সভ্যতার শ্রেষ্ঠ প্রমাণ।
নাকশে জেহান স্কোয়ার, ইসফাহান
নাকশে জেহান স্কোয়ার (Naqsh-e Jahan Square) ইরানের ইসফাহান শহরে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান, যা বিশ্বের অন্যতম বৃহৎ শহরকেন্দ্রিক স্কোয়ারগুলোর একটি। বিশ্ববিখ্যাত এই স্কোয়ারটি পরিপূর্ণ বিশালতা ও সৌন্দর্যের এক সঙ্গম এবং শাহ মসজিদ, আলি কপু প্রাসাদ ও শাইখ লতফোল্লাহ মসজিদ দ্বারা বেষ্টিত। ইসলামী ও পার্সিয়ান ঐতিহ্যের এক গৌরবময় প্রতীক যেখানে ১৭শ শতকের সাংস্কৃতিক চিত্র তুলে ধরা হয়েছে।

নাকশে জেহান স্কোয়ার ১৯৭৯ সালে UNESCO বিশ্ব ঐতিহ্যবাহী স্থান (World Heritage Site) হিসেবে স্বীকৃতি পায়। ১৬০২ সালে পার্সিয়ান সাফাভি রাজবংশের শাহ আব্বাস এটি নির্মান করেন। এই স্কোয়ারটি চারদিকে চারটি অসাধারণ ভবন দিয়ে ঘেরা। স্কোয়ারের দক্ষিণ পাশে অবস্থিত ইমাম মসজিদ (Shah Mosque), পূর্ব পাশে অবস্থিত শাইখ লতফোল্লাহ মসজিদ (Sheikh Lotfollah Mosque), পশ্চিম পাশে ৬তলা আলি কপু রাজপ্রাসাদ (Ali Qapu Palace), উত্তর দিকে রয়েছে প্রাচীন সিল্ক রোড সংযুক্ত ঐতিহাসিক বাজার কায়সারিয়া বাজার (Qeysarieh Bazaar)।
নাকশে জেহান স্কোয়ার স্থাপত্যগত ভারসাম্য, নান্দনিকতা, ইসলামী ও পার্সিয়ান শিল্পচর্চার আধার। যারা ইতিহাস, স্থাপত্য এবং ধর্মীয় ঐতিহ্য ভালবাসেন, তাদের জন্য এটি এক ধরণের জীবন্ত মিউজিয়াম। ভ্রমণ করার সেরা সময় বসন্ত (মার্চ-মে) এবং শরৎ (সেপ্টেম্বর-নভেম্বর) সময়কাল সবুজ, আরামদায়ক আবহাওয়া ও কম ভিড়ের জন্য সবচেয়ে উপযুক্ত।
বাদাব‑ই সুর্ত (Badab-e Surt), উত্তর ইরান
বাদাব‑ই সুর্ত হচ্ছে এক ধরনের প্রাকৃতিক ট্র্যাভার্টিন টেরেস, যা হাজার হাজার বছর ধরে গঠিত হয়েছে। খনিজের সৃষ্টি করা ধাপবিশিষ্ট ঝর্ণা, লাল-হলুদ-সাদা তরঙ্গময় রূপ ও থেরাপিউটিক পানির গুণাবলী দ্বারা ছবি প্রেমীদের স্বর্গস্থান হিসেবে পরিচিত। এখানে থাকা খনিজ উপাদান বিশেষ করে আয়রন অক্সাইড ও সালফার মিশ্রণে পানির রঙ হয়ে ওঠে লাল, হলুদ, কমলা, এমনকি সোনালি। সূর্যোদয় বা সূর্যাস্তে এর রঙ আরও মায়াময় হয়ে ওঠে।

বাদাব‑ই সুর্ত (Badab-e Surt), উত্তর ইরান
বাদাব‑ই সুর্ত এর অবস্থান মাজান্দারান প্রদেশ, Sari শহরের প্রায় ৯৫ কিমি দক্ষিণে, Orost গ্রামের কাছে। পার্বত্য ও বনের পাশ ঘেঁষে, নির্জন পরিবেশে এটি অবস্থিত যা এই স্থানকে আরও গোপন ও রহস্যময় করে তোলে। এই ঝর্ণাটি মানুষের হস্তক্ষেপ ছাড়াই একেবারে প্রাকৃতিকভাবে গঠিত। ২,০০০ বছরেরও বেশি সময় ধরে খনিজসমৃদ্ধ পানির প্রবাহ ও বাষ্পীভবনের ফলে এই স্তরগুলো তৈরি হয়েছে। বাদাব‑ই সুর্ত এখনো তুলনামূলকভাবে পর্যটকদের মধ্যে কম পরিচিত, তাই এখানে জনসমাগম কম, শান্তিপূর্ণ, এবং প্রকৃতির নিবিড় স্পর্শ পাওয়া যায়।
পার্সেপোলিস, ফার্স প্রদেশ
পার্সেপোলিস (Persepolis) ইরানের প্রাচীন আকেমেনিড সাম্রাজ্যের রাজধানী ছিল, যা প্রায় ২,৫০০ বছর আগে গড়ে তোলা হয়। এটি ইরানের অন্যতম পুরাতন ও গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। পার্সেপোলিস বিশ্বের সেরা সংরক্ষিত প্রাচীন ধ্বংসাবশেষগুলোর একটি। এই শহরের নাম এসেছে গ্রিক শব্দ “পার্সেপোলিস” থেকে, যার অর্থ “পার্সিয়ানদের নগরী”।

পার্সেপোলিস নির্মাণ শুরু করেন সম্রাট দারিয়ুস প্রথম (Darius I) খ্রিস্টপূর্ব ৫১৮ সালে। এরপর তার উত্তরসূরি জারেক্সিস (Xerxes I) ও আর্টাজারেক্সিস (Artaxerxes I) এই রাজকীয় প্রাসাদ কমপ্লেক্সে নতুন ভবন ও অলংকরণ যোগ করেন। বিশাল পাথরের সিঁড়ি ও ৭২টি উচ্চ স্তম্ভ বিশিষ্ট এই রাজপ্রাসাদে সম্রাট বিদেশি দূতদের স্বাগত জানাতেন। দেয়ালে খোদাই করা রয়েছে মিথ্রার পুজা, সেনাপতি ও দূতদের চিত্র। হাদিশ প্রাসাদ (Hadish Palace) জারেক্সিসের ব্যক্তিগত বাসভবন, নিখুঁত কারুকার্যে ভরপুর।
পার্সেপোলিস গঠিত হয়েছে পাহাড়ের ঢালে। প্রতিটি স্তম্ভ, পাথরের দেয়াল, মূর্তি, সব কিছু নিখুঁত জ্যামিতিক রূপে গঠিত। ৩৩০ খ্রিস্টপূর্বে আলেকজান্ডার দ্য গ্রেট যখন ইরান জয় করেন, তিনি পার্সেপোলিসে প্রবেশ করে এর একাংশ ধ্বংস করে দেন। সেই ধ্বংসের দাগও আজ পর্যন্ত দেখা যায়।
তাখতে সোলেমান, পশ্চিম আজারবাইজান
তাখতে সোলেমান (Takht-e Soleyman) ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের একটি বিস্ময়কর ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ স্থান। এটি শুধু ইরানের নয়, সমগ্র মধ্যপ্রাচ্যের অন্যতম রহস্যময় ও দর্শনীয় স্থান হিসেবে বিবেচিত। ৩,০০০ বছরেরও বেশি পুরোনো তাখতে সোলেমান কমপ্লেক্স ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। এ স্থানটি পশ্চিম আজারবাইজান প্রদেশের টাকাব শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে। এটির মূল আকর্ষণ একটি গাঢ় নীল রঙের প্রাকৃতিক গরম পানির হ্রদ, যা সরাসরি ভূগর্ভস্থ আগ্নেয়গিরির সঙ্গে যুক্ত। বসন্তে নওরোজের সময় এটি পর্যটকদের কাছে বিশেষভাবে আকর্ষণীয়। ২০২৫ সালে প্রায় ৭০,০০০ পর্যটক এটি পরিদর্শন করেছেন।

তাখতে সোলেমান, পশ্চিম আজারবাইজান
তাখতে সোলেমান ছিল সাসানীয় সাম্রাজ্যের (খ্রিষ্টীয় ৩য়–৭ম শতাব্দী) একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র। এখানে ছিল “আতশ-কাদা” বা অগ্নিমন্দির, যেখানে Eternal Flame প্রজ্বলিত থাকত। স্থানটিতে সাসানীয় যুগের বিভিন্ন স্থাপনার ধ্বংসাবশেষ পাওয়া যায়, যেমনঃ মন্দির, প্রাচীর, ঘরবাড়ি, ও পানির চ্যানেল। এর গভীরতা প্রায় ১১২ মিটার (অনুমানিক), আজও পুরোপুরি অন্বেষণ করা সম্ভব হয়নি। স্থানীয় কিংবদন্তি অনুসারে, এই হ্রদে রাজা সোলেমান (নবী সোলায়মান) তাঁর সমস্ত ঐশ্বর্য লুকিয়ে রেখেছিলেন, এজন্য এটি “সোলেমানের সিংহাসন” বা “Takht-e Soleyman” নামে পরিচিত।
হাইরক্যানিয়ান বন, গিলান ও মাজান্দারান
ইরানের হাইরক্যানিয়ান বন (Hyrcanian Forests) গিলান ও মাজান্দারান প্রদেশজুড়ে বিস্তৃত এক প্রকৃতির মহামঞ্চ। এটি শুধু ইরানের নয়, বিশ্বেরও অন্যতম প্রাচীন ও জীববৈচিত্র্যে পরিপূর্ণ বনভূমি। এই বনভূমি প্রায় ২৫–৫০ মিলিয়ন বছর পূর্বে সৃষ্ট। পাহাড়, ঝরনা, উপত্যকা ও নদীসমৃদ্ধ এই বনভূমি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায়ও স্থান পেয়েছে এবং একে জীবন্ত জীবাশ্ম (living fossil) বন বলা হয়। বসন্ত ও শরৎকালে এটি হাইকিং ও প্রকৃতি প্রেমীদের জন্য আদর্শ।

হাইরক্যানিয়ান বন, গিলান ও মাজান্দারান
হাইরক্যানিয়ান বনগুলো ইরানের উত্তরাঞ্চলে, ক্যাস্পিয়ান সাগরের দক্ষিণে, গিলান ও মাজান্দারান প্রদেশে অবস্থিত। বনটি প্রায় ৮৫০ কিলোমিটার দৈর্ঘ্যে বিস্তৃত, এবং পূর্বে গোলেস্তান প্রদেশ পর্যন্ত পৌঁছায়। প্রায় ৩২০ প্রজাতির গাছপালা, যার মধ্যে ৮০টির বেশি প্রজাতি এ অঞ্চলের জন্য স্থানীয় (endemic)। ওক, হর্নবিম, ম্যাপেল, বিচ, এল্ডার ইত্যাদি নানা প্রজাতির বিরল ও প্রাচীন গাছ এখানে দেখা যায়। লেপার্ড, নেকড়ে, বাদুড়, হেজহগ, পাখি ও উভচর প্রাণী দেখা যায়। পার্সিয়ান লেপার্ড (Persian Leopard) সহ অনেক বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণী এই বনে আশ্রয় নিয়েছে।
গোলেস্তান প্রাসাদ, তেহরান
গোলেস্তান প্রাসাদ (Golestan Palace) ইরানের রাজধানী তেহরানে অবস্থিত একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক নিদর্শন, যা পারস্য রাজাদের এক রাজকীয় অতীতের প্রতিচ্ছবি। এই প্রাসাদ পুরো মধ্যপ্রাচ্যের অন্যতম সুন্দর এবং গুরুত্বপূর্ণ স্থাপত্যশৈলীর নিদর্শন। অপূর্ব নকশা, ইতিহাস এবং স্থাপত্যরীতির কারণে এই প্রাসাদ কমপ্লেক্স প্রতি বছর গড়ে ১.২ মিলিয়ন পর্যটক আকর্ষণ করে।

গোলেস্তান প্রাসাদে আপনি পাবেন প্রাচীন পার্সিয়ান স্থাপত্য, টাইল-কাজ, আয়না সজ্জা, ইউরোপিয়ান নিও-ক্ল্যাসিকাল ডিজাইন এবং ইসলামি শিল্পের অপূর্ব সমন্বয়। মূল প্রাসাদটি নির্মিত হয় সাফাভি সাম্রাজ্য আমলে (১৫০১–১৭৩৬), তবে এর অধিকাংশ সংস্কার ও সৌন্দর্য সংযোজন হয় কাশার (Qajar) রাজবংশ আমলে (১৭৯৪–১৯২৫)। “গোলেস্তান” অর্থ “ফুলের বাগান” — আর পুরো প্রাসাদ যেন সত্যিই একটি বিশাল ফুলের রাজ্য! গোলেস্তান প্রাসাদ ইরানের রাজতন্ত্রের প্রায় ২০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে।
ইয়াজদ শহর
ইরানের ইয়াজদ (Yazd) শহর হলো এক অনন্য ঐতিহাসিক স্থান, যা তার প্রাচীন স্থাপত্য, মরুভূমিভিত্তিক জীবনধারা, পারস্য সভ্যতা এবং জোরোয়াস্ট্রিয়ান ধর্মের সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত। এই শহরে আধুনিকতা আর হাজার বছরের ইতিহাস পাশাপাশি চলে। ইরানের কেন্দ্রীয় মরুভূমি অঞ্চলে, ফারস এবং খোরাসান প্রদেশের মাঝখানে প্রায় ৫,০০০ বছরের পুরোনো এই শহর।

ইয়াজদের প্রতীক বলা হয় এই “বাতাস ধরার টাওয়ার” গুলোকে। এগুলো প্রাকৃতিকভাবে ঘর ঠান্ডা রাখার এক ধরনের প্রাচীন পারস্য প্রযুক্তি। ৯ম শতকে নির্মিত জামা মসজিদ অফ ইয়াজদ (Jameh Mosque of Yazd) পারস্য-ইসলামিক স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। ইয়াজদ হলো জোরোয়াস্ট্রিয়ান ধর্মের প্রাণকেন্দ্র।
এ শহরে রয়েছে চাকচাক (Chak Chak) জোরোয়াস্ট্রিয়ানদের সবচেয়ে পবিত্র তীর্থস্থান, পাহাড়ের গায়ে তৈরি এক রহস্যময় মন্দির। তশকাদেহ বা আগুনের মন্দিরে (Yazd Fire Temple) রয়েছে এক পবিত্র আগুন, যা ১,৫০০ বছর ধরে একটানা জ্বলছে। এ শহরে রয়েছে দেউলখানা (Towers of Silence / Dakhmeh) যেখানে এক সময় জোরোয়াস্ট্রিয়ানরা মৃতদেহ পাখির খাদ্য করে দিতেন এই টাওয়ারে রেখে। আজ সেই স্থান দর্শনার্থীদের জন্য উন্মুক্ত।
দশত-ই লুৎ মরুভূমি
দশত-ই লুৎ (Dasht-e Lut) ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত বিশ্বের অন্যতম রহস্যময়, চরম ও অনন্য মরুভূমি। এটি পৃথিবীর সবচেয়ে গরম স্থান হিসেবে খ্যাত। লুৎ মরুভূমির সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য হলো কালুটস (Kaluts) – প্রাকৃতিক রক ভাস্কর্য, বালি ও বাতাসের যৌথ ক্রিয়ায় তৈরি বিশালাকৃতির পাথুরে টিলা ও গহ্বর। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় এগুলোর রঙ পাল্টায়। এই মরুভূমি দেখতে অনেকটা মঙ্গল গ্রহ অথবা ভিনগ্রহের এলিয়েন নগরী! দশত-ই লুৎ শহর থেকে অনেক দূরে অবস্থিত হওয়ায় এখানে প্রদূষণমুক্ত নক্ষত্রভরা আকাশ দেখা যায়। ভ্রমণপিপাসুদের জন্য এটি “once in a lifetime” স্পট।

এই মরুভূমিতে কোনো গাছপালা, মানুষ বা প্রাণীর অস্তিত্ব নেই প্রায় শত কিলোমিটার জুড়ে। ৫১,৮০০ বর্গকিলোমিটার আয়তনের এই মরুভূমি পৃথিবীর একমাত্র স্থান যেখানে জীবন্ত প্রাণী টিকতে পারে না (ব্যাকটেরিয়া ছাড়া)। গ্রীষ্মে ভূপৃষ্ঠের তাপমাত্রা ৮০°C ছাড়ায়। স্থানীয় বিশ্বাস অনুযায়ী এখানে নবী লুতের সম্প্রদায়ের ধ্বংসস্তূপ আছে।
মাউন্ট দামাভান্দ
ইরানের উত্তরাঞ্চলে অবস্থিত মাউন্ট দামাভান্দ (Mount Damavand) একটি বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য এবং মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি। ৫,৬১০ মিটার (১৮,৪০৬ ফুট) উচ্চতাবিশিষ্ট এই পর্বতটি ইরানের জাতীয় প্রতীক হিসেবে বিবেচিত হয়। দামাভান্দের পাদদেশে রয়েছে সবুজ উপত্যকা, বরফাচ্ছন্ন চূড়া, গরম পানির ঝর্ণা এবং উচ্চ অরণ্য। গ্রীষ্মকালে উপরের অংশে তুষারাবৃত চূড়া আর নিচে বন্য ফুলে ভরা উপত্যকা এক অপূর্ব বৈসাদৃশ্য তৈরি করে।

এই পর্বতশৃঙ্গ প্রকৃতিপ্রেমী ও অ্যাডভেঞ্চারপ্রিয় পর্যটকদের জন্য এক স্বর্গরাজ্য। দামাভান্দ পর্বত আরোহনের জন্য আন্তর্জাতিক পর্যটকদের জন্য অত্যন্ত জনপ্রিয়। দামাভান্দের পাদদেশে অবস্থিত Lāreh Hot Spring এবং Reineh Thermal Spring অত্যন্ত জনপ্রিয়। বিরল প্রজাতির পাহাড়ি ছাগল, হরিণ, ঈগল, সাদা নেকড়ে এবং নানান বন্য ফুল ও ঔষধি গাছ দেখা যায়। ইতিহাস, প্রকৃতি ও মানব সাহসিকতা একত্রিত হয়ে দাঁড়িয়ে আছে এই পর্বতশৃঙ্গ।
কান্দোভান গ্রাম, পূর্ব আজারবাইজান
ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে কান্দোভান গ্রাম বিশ্বের কয়েকটি বিস্ময়কর প্রাকৃতিক ও স্থাপত্য নিদর্শনের মধ্যে একটি। পাথুরে গুহাবাসী এই গ্রামটি সমগ্র বিশ্বের ভ্রমণপিপাসুদের জন্য একটি অনন্য গন্তব্য। কান্দোভানের ভূতাত্ত্বিক প্রক্রিয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও বায়ুর ক্ষয়প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে। এই গ্রামের ঘরগুলো প্রাকৃতিক ত্বুরা আকৃতির আগ্নেয় শিলার মধ্যে খোদাই করে বানানো হয়েছে।
গ্রামটি অবস্থিত সবুজ উপত্যকা, ঝরনা ও পাহাড়ঘেরা এলাকায়। এই গ্রামে ১০০টির বেশি বাসযোগ্য পাথুরে কাঠামো ও ৭ তলা পর্যন্ত উঁচু পাথুরে বাড়ি রয়েছে। ইসলামি ও পারসিয়ান লোকজ সংস্কৃতির ছোঁয়া এখানকার প্রতিটি পথ, ঘর ও মানুষের আচরণে প্রতিফলিত হয়। ভ্রমণকারীদের জন্য আকর্ষণ হলো গুহা হোটেলে রাত্রিযাপন, ২০২৪ সালে ১৫টি গুহা হোটেল চালু হয়েছে। কান্দোভান রক হোটেলটি বিশ্বের বিরল কিছু “পাথরের মধ্যে নির্মিত বিলাসবহুল হোটেল”-এর একটি।
নাসির আল-মুলক মসজিদ
ইরানের শিরাজ শহরে অবস্থিত নাসির আল-মুলক মসজিদ বিশ্বের সবচেয়ে সুন্দর মসজিদগুলোর মধ্যে একটি। মসজিদের অভ্যন্তরের বেশিরভাগ টাইলস ও দেয়াল গোলাপি রঙে সজ্জিত, তাই এটি “গোলাপি মসজিদ” বা “রঙিন মসজিদ” নামে পরিচিত। ইসলামিক স্থাপত্যকলা এবং নান্দনিকতার এক অতুলনীয় নিদর্শন এই মসজিদ।

এই মসজিদটি এমন এক জায়গা, যেখানে আলো, রঙ, গ্লাস আর স্থাপত্য মিলে তৈরি করে এক রূপকথার জগৎ। মসজিদের ভেতরে ও বাইরের দেওয়ালে জাফরানি, গোলাপি, নীল ও সবুজ রঙের খচিত টাইলস ব্যবহৃত হয়েছে। নাসির আল-মুলক মসজিদ শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এক আলোকশিল্প, স্থাপত্যশিল্প, এবং নান্দনিকতার বিস্ময়কর মেলবন্ধন।
পরিশেষে
ইরানের এই ১৫টি দর্শনীয় স্থান তার ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং প্রাকৃতিক বৈচিত্র্যের প্রতিনিধিত্ব করে। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান থেকে শুরু করে মরুভূমি ও পাহাড়ি গ্রাম, ইরান পর্যটকদের জন্য একটি অসাধারণ গন্তব্য।
লেখা: তানিয়া রহমান
তথ্যসূত্র ও ছবি: উইকিপিডিয়া, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকা





















