শহীদ পরিবারের প্রতি রাসূল (সা.) এর মানবিকতা ও সদয় আচরণ

Jul 23, 2025

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই দেশের লাখো মানুষ বুকের তাজা রক্ত ঢেলে স্বাধীনতা এনে দিয়েছে। শুধু ১৯৭১ নয়। ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসেও এই দেশের হাজারো তরুণ শহীদ হয়েছে আন্দোলনে, অধিকার আদায়ের সংগ্রামে। এর আগেও হয়েছে অসংখ্য গণআন্দোলন, যেখানে বহু মানুষ শহীদ হয়েছেন। কিন্তু সেই শহীদ পরিবারগুলো কি পেয়েছে যথাযথ সম্মান, সাহায্য কিংবা নিরাপত্তা? আমাদের রাজনৈতিক নেতারা শহীদের রক্তকে শুধুই ব্যবহার করেছেন স্লোগানে, ব্যানারে, ভোটে। কিন্তু তাঁদের পরিবারের চোখের জল, শূন্য ভাতার বই কিংবা পরিত্যক্ত ঘরের খবর রাখেনি কেউ। অথচ আমাদের সামনে রয়েছে রাসূল (সা.) এর উজ্জ্বল দৃষ্টান্ত। শহীদ পরিবারের প্রতি রাসূল (সা.) অত্যন্ত সদয় আচরণ করতেন।

রাসূল (সা.)-এর জীবনে আমরা দেখি শহীদ পরিবারের প্রতি তাঁর অসীম ভালোবাসা ও দায়িত্ববোধ। রাসূল (সা.) শহীদ পরিবারগুলোকে শুধু সম্মানই দেননি, তাদের দায়িত্বও নিয়েছেন নিজের কাঁধে। উহুদের যুদ্ধ শেষে তিনি নিজ হাতে শহীদদের পরিবারের খোঁজখবর নিয়েছেন। বিশেষ করে সাহাবিদের পরিবার, সন্তানদের খেতে দিয়েছে, দেখাশোনা করেছেন নিয়মিত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন:

“তোমরা আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে মৃত মনে করো না। বরং তারা জীবিত, তাদের প্রতিপালকের নিকট থেকে জীবিকা লাভ করছে।” – সূরা আলে ইমরান, ১৬৯

ইসলামে শহীদের মর্যাদা অত্যন্ত উচ্চ। কিন্তু আমাদের সমাজে শহীদ পরিবারগুলোকে দেওয়া হয় অবহেলা, অবজ্ঞা আর রাজনীতির ছাঁকা। শহীদ শুধু একজন ব্যক্তির মৃত্যু নয়, শহীদ মানে একটি পরিবারের জীবন বদলে যাওয়া। তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব, আমাদের ঈমানি দায়িত্ব। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে শহীদদেরকে জীবিত বলে ঘোষণা দিয়েছেন। নবী করিম (সা.) শহীদদের পরিবারের প্রতি বিশেষ যত্ন নিতেন, তাঁদের পরিবারকে আর্থিক, মানসিক ও সামাজিকভাবে সহযোগিতা করেছেন।

হজরত জাবির (রা.): শহীদ পিতার সন্তান

হজরত জাবির ইবনে আব্দুল্লাহ (রা.) ছিলেন মদিনার আনসারি সাহাবিদের মধ্যে অন্যতম। তিনি ইসলামের প্রাথমিক যুগেই ঈমান এনেছিলেন এবং বদর যুদ্ধে অংশগ্রহণের ইচ্ছা থাকা সত্ত্বেও বয়স কম হওয়ায় রাসুল (সা.) তাঁকে অনুমতি দেননি। তবে উহুদ ও পরবর্তী সকল গুরুত্বপূর্ণ যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। তিনি মদিনার খাজরাজ গোত্রের বনু সালামা শাখার একজন বিশিষ্ট সাহাবি। তাঁর পিতা হজরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) উহুদ যুদ্ধে শহীদ হন। উহুদের যুদ্ধ ছিল মুসলিমদের জন্য এক কঠিন পরীক্ষা, যেখানে রাসূল (সা.) নিজেও আহত হন এবং ৭০ জন সাহাবি শহীদ হন।

জাবির (রা.) তখন ছিলেন তরুণ, পরিবারের দায়িত্ব তাঁর কাঁধে এসে পড়ে। রাসূল (সা.) তাঁর প্রতি যে ভালোবাসা ও সহানুভূতি দেখিয়েছেন, তা ইসলামী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত। রাসূল (সা.) তাঁর পরিবারের দেখভালের দায়িত্ব নেন। শহীদ পিতার ঋণ পরিশোধ থেকে শুরু করে পারিবারিক সংকটে সাহায্য করা – প্রতিটি ক্ষেত্রেই রাসূল (সা.)-এর অপার করুণা প্রকাশ পেয়েছে।

ঋণমুক্তিতে রাসূল (সা.)-এর বিশেষ দোয়া ও বরকত

হজরত আব্দুল্লাহ (রা.) শাহাদাতের সময় প্রচুর ঋণ রেখে গিয়েছিলেন। জাবির (রা.)-এর পরিবারের মালিকানায় মাত্র দুটি খেজুরের বাগান ছিল, যা থেকে প্রাপ্ত ফল দিয়ে ঋণ শোধ করা সম্ভব ছিল না। পাওনাদাররা (যাদের অধিকাংশই ইহুদি ছিল) জাবির (রা.)-কে চাপ দিতে শুরু করে। জাবির (রা.) রাসূল (সা.)-এর কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি পাওনাদারদের সঙ্গে কথা বলেন এবং ঋণ মওকুফের অনুরোধ করেন। কিন্তু তারা রাজি হয়নি। এমনকি ঋণ শোধের জন্য আরও সময় চাইলে তাতেও তারা সম্মত হয়নি।

রাসূল (সা.) জাবির (রা.)-কে বললেন, “আগামীকাল আমি তোমার বাড়িতে আসব।” পরদিন তিনি বাগানে গিয়ে খেজুর গাছ পরিদর্শন করেন এবং বরকতের দোয়া করেন। জাবির (রা.) বলেন, “আমি বাগানের সমস্ত খেজুর পেড়ে একত্র করলাম এবং পাওনাদারদের প্রাপ্য পরিশোধ করলাম। এরপরও প্রচুর খেজুর অবশিষ্ট রয়ে গেল।” (সহিহ বুখারি: ১/৩৫৪)

অন্য বর্ণনায় এসেছে, রাসূল (সা.) আবু বকর (রা.) ও উমর (রা.)-কে নিয়ে জাবির (রা.)-এর বাড়িতে আসেন এবং খেজুরের স্তূপের পাশে বসে দোয়া করেন। তিনি জাবির (রা.)-কে বললেন, “পাওনাদারদের ডাকো এবং তাদের প্রাপ্য পরিশোধ করো।” জাবির (রা.) সব ঋণ শোধ করার পরও ১৩ ওয়াসাক (প্রায় ২৬০ কেজি) খেজুর উদ্বৃত্ত রয়ে যায়। রাসূল (সা.) এ খবর শুনে হাসলেন এবং আবু বকর (রা.) ও উমর (রা.)-কে জানালে তাঁরা বলেন, “আমরা জানতাম, আল্লাহর রাসুলের দোয়ায় এমনই হবে।” (সহিহ বুখারি: ১/৩৭৪)

এই ঘটনা থেকে শিক্ষা হলো রাসূল (সা.) শহীদ পরিবারের প্রতি কতটা দায়িত্বশীল ছিলেন। আল্লাহর রাসূলের দোয়ার বরকত কত মহান এবং ঋণ পরিশোধে আন্তরিকতা ও আল্লাহর উপর ভরসা।

দুর্বল উট ক্রয় করে উপহার

রাসূল (সা.) শহীদ পরিবারের প্রতি কেবল তাদের ঋণ পরিশোধেই সহায়তা করেননি, বরং বিভিন্ন সময়ে তাদেরকে সম্মানজনক উপায়ে আর্থিক সহযোগিতা করেছেন। একটি যুদ্ধ থেকে ফেরার পথে জাবির (রা.)-এর উটটি দুর্বল হয়ে পড়ে। রাসূল (সা.) তাঁকে জিজ্ঞেস করলেন, “জাবির, কী হয়েছে?” জাবির (রা.) উত্তর দিলেন, “উটটি দুর্বল হয়ে গেছে, চলতে পারছে না।” রাসূল (সা.) তাঁর চাবুক দিয়ে উটটিকে স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে উটটি দ্রুতগতিতে চলতে শুরু করল। এরপর রাসূল (সা.) জাবির (রা.)-কে বললেন, “জাবির, উটটি কি আমার কাছে বিক্রি করবে?” জাবির (রা.) রাজি হলেন এবং মূল্য এক উকিয়া (প্রায় ৪০ দিরহাম)।

রাসূল (সা.) মদিনায় পৌঁছে জাবির (রা.)-কে টাকা দিলেন এবং বললেন, “এই নাও উটের দাম, আর উটটিও তোমার জন্য রইল।” এভাবে রাসূল (সা.) সম্মানজনকভাবে জাবির (রা.)-কে আর্থিক সহায়তা করলেন। (সহিহ বুখারি: ১/২৮২, ৩০৯-৩১০)।

হাদিসবিশারদরা এই ঘটনাকে রাসুলুল্লাহ (সা.)-এর মহানুভবতার এক অনন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, এই ঘটনায় রাসুলুল্লাহ (সা.)-এর সঙ্গে জাবিরের ক্রয়-বিক্রয়ের কথা থাকলেও, মূলত নবীজি (সা.) তাকে সম্মানজনক পদ্ধতিতে আর্থিক সহযোগিতা করতে চেয়েছেন।

সামান্য খাবারে এক হাজার সাহাবির আপ্যায়ন

শহীদ পরিবারের প্রতি রাসূল (সা.)-এর স্নেহ ও বরকতের আরও এক অসাধারণ দৃষ্টান্ত হলো খন্দকের যুদ্ধের ঘটনা। এই যুদ্ধ ছিল মুসলিমদের জন্য এক কঠিন পরীক্ষা। শত্রুবাহিনী মদিনা অবরোধ করেছিল এবং মুসলিমরা আত্মরক্ষার্থে বিশাল পরিখা খনন করছিল। খন্দক যুদ্ধের সময় মুসলিমরা অভাবের মধ্যে ছিলেন। খন্দকের যুদ্ধে রাসূল (সা.) নিজেও সাহাবিদের সাথে পরিখা খননে ব্যস্ত ছিলেন। ক্ষুধা ও পরিশ্রমের কারণে তার পেটের সাথে পাথর বাঁধা ছিল, যা তার চরম কষ্টকে নির্দেশ করে।

জাবির (রা.) এই দৃশ্য দেখে ঘরে গিয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলেন, “ঘরে কিছু খাবারের ব্যবস্থা আছে?” স্ত্রী বললেন, “তেমন কিছু নেই, একটি ছাগলের বাচ্চা আছে; তা দিয়ে অল্প কিছু রান্না করা যেতে পারে।” জাবির (রা.) বুঝতে পারলেন যে, এটা সামান্য খাবার। তবুও তিনি রাসূল (সা.)-এর কষ্ট দেখে তাকে দাওয়াত দিতে চাইলেন। রাসূল (সা.) দাওয়াত গ্রহণ করলেন এবং সবাইকে বিস্মিত করে খন্দকে কর্মরত সবাইকে ডেকে বললেন, “চলো, জাবির তোমাদের দাওয়াত করছে।”

রাসূল (সা.) প্রায় এক হাজার সাহাবিকে নিয়ে জাবির (রা.)-এর বাড়িতে এলেন। তিনি এসে খাবারের পাত্রের কাছে দোয়া করলেন এবং তার বরকতে খাবার এমনভাবে বৃদ্ধি পেল যে, এক হাজার সাহাবী খাবার খেলেন এবং তৃপ্ত হলেন, কিন্তু খাবার শেষ হয়নি! খাবার পরিবেশন করার পর দেখা গেল, তখনও অনেক খাবার উদ্বৃত্ত রয়ে গেছে। (সহীহ বুখারী: ২/৫৮৮-৫৮৯)।

এই ঘটনাটি কেবল রাসুলুল্লাহ (সা.)-এর অলৌকিক ক্ষমতা এবং দোয়ার বরকত প্রমাণ করে না, এটি শহীদ পরিবারের প্রতি তার গভীর মমত্ববোধ এবং তাদের সামান্য অবদানকেও বড় করে দেখার প্রবণতাকেও তুলে ধরে। এই ঘটনা রাসূল (সা.)-এর বরকত, দয়া এবং সাহাবিদের প্রতি ভালোবাসার এক অলৌকিক দৃষ্টান্ত।

শহীদ আব্দুল্লাহ (রা.)-এর মর্যাদা ও জান্নাতের সুসংবাদ

হাদিসে এসেছে, উহুদ যুদ্ধে শহীদ হজরত আব্দুল্লাহ (রা.)-কে আল্লাহ তায়ালা জীবিত করে সরাসরি কথা বলেন এবং বলেন, “হে আমার বান্দা! আমার কাছে চাও, আমি তোমাকে দেব।” তিনি বলেন, “আমাকে জীবিত করে দিন, যাতে আমি আবার শহীদ হতে পারি।” আল্লাহ বলেন, “আমি পূর্বেই নির্ধারণ করেছি, কেউ দুনিয়ায় ফিরে যাবে না।” এই হাদিস শহীদদের মর্যাদা এবং তাঁদের পরিবারের প্রতি নবীজি (সা.)-এর ভালোবাসার গভীরতা প্রকাশ করে।

শহীদ পরিবারের প্রতি রাসূল (সা.)-এর সদাচরণ

রাসূল (সা.)-এর এই ধরনের আচরণগুলো কেবল জাবির (রা.)-এর ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, বরং তিনি সাধারণভাবে সকল শহীদ পরিবার, ইয়াতীম এবং অভাবগ্রস্তদের প্রতিই এমন সদয় ও মানবিক আচরণ করতেন। রাসুলুল্লাহ (সা.) একটি শক্তিশালী সামাজিক সুরক্ষা জাল তৈরি করেছিলেন, যেখানে কেউ নিঃস্ব বা অসহায় থাকবে না। তিনি নিশ্চিত করতে চেয়েছিলেন যে, কোনো শহীদ পরিবার যেন অন্যের অবিচারের শিকার না হয়।

শাহাদাতের পর পরিবারগুলো একদিকে যেমন শোকগ্রস্ত হয়, তেমনি অন্যদিকে অর্থনৈতিক ও সামাজিক অনিশ্চয়তায় ভোগে। রাসূল (সা.)-এর ব্যক্তিগত উপস্থিতি, সহানুভূতি এবং প্রার্থনা তাদের মানসিক শক্তি যোগাতো এবং আল্লাহর ওপর তাদের আস্থা বাড়াতো। তিনি কেবল তাৎক্ষণিক আর্থিক সহায়তা প্রদান করেননি, বরং সম্মানজনকভাবে তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরি করে দিয়েছেন। যেমন উট ক্রয়ের ঘটনায় তিনি জাবির (রা.)-কে একদিকে দাম দিয়েছেন, অন্যদিকে উটটিও তাকে ফিরিয়ে দিয়েছেন, যা তার জীবিকা অর্জনে সহায়ক ছিল।

শহীদ পরিবারদের প্রতি এই সম্মান ও যত্ন শাহাদাতের মর্যাদাকে আরও বাড়িয়ে তুলেছিল। এটি মুসলিমদের আল্লাহর পথে জীবন উৎসর্গ করতে অনুপ্রাণিত করত, কারণ তারা জানত যে তাদের অনুপস্থিতিতে তাদের পরিবার সুরক্ষিত থাকবে।

শহীদ পরিবারের প্রতি আমাদের ও নেতাদের দায়িত্ব

বাংলাদেশের ইতিহাস রক্তে রঞ্জিত। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০২৪ সালের গণআন্দোলন, এবং অন্যান্য রাজনৈতিক ও সামাজিক আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা, গণতন্ত্র, এবং নাগরিক অধিকার। কিন্তু প্রশ্ন রয়ে গেছে, এই শহীদদের পরিবার কি পেয়েছে যথাযথ সম্মান, সহানুভূতি ও রাষ্ট্রীয় সুরক্ষা?

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে লাখো শহীদ, কিন্তু অনেক পরিবার আজও বঞ্চিত ভাতা, চিকিৎসা, শিক্ষা, আবাসন সবই সীমিত। ২০২৪ সালের গণআন্দোলনে হাজারো শহীদ, কিন্তু রাজনৈতিক দলগুলো অনেক সময় তাঁদের পরিবারকে ব্যবহার করেছে, সম্মান দেয়নি। অন্যান্য ছাত্র আন্দোলন, শ্রমিক আন্দোলন শহীদদের নাম হয়তো স্মৃতিস্তম্ভে আছে, কিন্তু পরিবারগুলো রয়ে গেছে অচেনা, অবহেলিত।

উপসংহার

আজ যদি আমরা রাসূল (সা.)-এর আদর্শ অনুসরণ করি, তাহলে শহীদ পরিবারগুলো শুধু স্মৃতির অংশ নয়, সমাজের গর্ব হয়ে উঠবে। আসুন, আমরা তাদের পাশে দাঁড়াই। আসুন, আমরা রাসূল (সা.)-এর শিক্ষা বাস্তবায়ন করি। তাই আসুন, রাজনৈতিক দলের দায়িত্বহীনতাকে চ্যালেঞ্জ করে আমরা নিজেরা উদ্যোগ নিই। সমাজ, রাষ্ট্র ও ইসলামী শিক্ষা অনুযায়ী শহীদ পরিবারগুলোকে সম্মান, সহানুভূতি ও সহায়তা দেই। কারণ শহীদের রক্ত শুধু ইতিহাস নয়- এটা আমাদের দায়িত্বের প্রশ্ন।

“শহীদদের মর্যাদা রক্ষা করা মানেই জাতির সম্মান রক্ষা করা।”

Related Posts

More Article by Moynamoti

আমাদের সাথে থাকুন এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো করুন।

আমাদের সাথে থাকুন এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো করুন।

আমাদের সাথে থাকুন এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো করুন।

Create a free website with Framer, the website builder loved by startups, designers and agencies.